কোনো নারীর অসম্মান মেনে নেব না—নির্বাচনী জনসভায় মামুনুল হক”
ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক স্পষ্টভাবে ঘোষণা করেছেন, দেশের মাটিতে আর কোনো নারীর অসম্মান সহ্য করা হবে না। তিনি বলেন, “আমাদের কোনো নারী কর্মীর ওপর কেউ হাত তোলার দুঃসাহস দেখাবেন না। আমরা চাই নারীরা নির্বিঘ্নে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারুক।”
মামুনুল হক প্রশাসনকে সতর্ক করে বলেন, নির্বাচনী মাঠে ন্যায্যতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে তার সমস্ত দায়-দায়িত্ব ফরিদপুরের জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের ওপর বর্তাবে। তিনি আরও জানান, সরকারের বিভিন্ন রাজনৈতিক মহল ও প্রতিপক্ষের নেতারা প্রার্থীদের ওপর ভীতি প্রদর্শনের চেষ্টা করতে পারে, কিন্তু তা বরদাশত হবে না।
তিনি বলেন, ১১টি দল দেশের মানুষের অধিকার রক্ষা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। “আমাদের এই মহান যাত্রা কোনো নেতা বা দলের ক্ষমতায় যাওয়ার জন্য নয়। এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা চাই দেশের প্রতিটি নাগরিক স্বাধীন ও নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারুক।”
মামুনুল হক এ সময় স্থানীয় প্রার্থীদের সতর্ক করে বলেন, নির্বাচনী প্রচারণায় সব নারী কর্মীকে সুরক্ষা দিতে হবে। “আপনারা নির্বিঘ্নে কাজ করুন। আর অন্যদের বলি—এই বাংলার মাটিতে আর কোনো নারীর অসম্মান আমরা দেখতে চাই না। নারীদের প্রতি সম্মান দেখাতে না পারলে সমাজে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয়,” তিনি যোগ করেন।
তিনি আরও উল্লেখ করেন, এ দেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে মানুষের অধিকার হরণ ও শোষণ করা হয়েছে। তাই, বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মামুনুল হক আশ্বাস দেন, কোনো নারী কর্মীর ওপর আক্রমণ বা ধমক দিলে ১১ দলীয় জোট তার যথাযথ প্রতিক্রিয়া দেখাবে।
admin


